সিনেমার নাম ‘নন্দিনী’। এটি নির্মিত হয়েছিল প্রায় ছয় বছর আগে। সোয়াইবুর রহমান রাসেল পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাজিরা মৌ। তার বিপরীতে রয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। ২০১৯ সালের শেষ দিকে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। তবে করোনা মহামারিসহ নানা প্রতিবন্ধকতায় বারবার পিছিয়ে যায় সিনেমার মুক্তি।
২০২৩ সালে সেন্সর ছাড়পত্র পেলেও মুক্তির তারিখ স্থগিত করতে হয়েছিল। এবার সব জটিলতা কাটিয়ে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। আগামী ১২ সেপ্টেম্বর দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘নন্দিনী’। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।
‘নন্দিনী’ নির্মিত হয়েছে পরিতোষ বাড়ৈর উপন্যাস ‘নরক নন্দিনী’ অবলম্বনে। সিনেমার মূল কাহিনি আবর্তিত হয়েছে নিয়তির সঙ্গে লড়াই করা এক নারীর জীবনের সংগ্রামকে ঘিরে। ইন্দ্রনীল সেনগুপ্ত এক অনুসন্ধানী সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন।
এতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, সাঈদ বাবু, ইরেশ যাকের, মুনিরা ইউসুফ মেমী, জয়শ্রী কর জয়া, ইলোরা গহর প্রমুখ।
২৫ আগস্ট সিনেমার ট্রেইলার প্রকাশের মধ্য দিয়ে শুরু হয়েছে এর প্রচার কার্যক্রম।
এ সম্পর্কে নির্মাতা রাসেল বলেন, ‘নানা কারণেই সিনেমার মুক্তি যদিও দেরিতে হচ্ছে তবে সিনেমা দেখে কেউই ভাববে না এটি অনেক আগে নির্মিত। গল্প, অভিনয়, নির্মাণশৈলী সবই সময়োপযোগী। এটি আমার সবচেয়ে আবেগের প্রকল্পগুলোর একটি। আশা করি দর্শকরা নিরাশ হবেন না।’
বর্তমানে ঈদ ছাড়া বাকি সময়গুলোতে নতুন সিনেমা মুক্তির সংখ্যা একেবারেই হাতে গোনা। সেই তালিকায় এবার যোগ হচ্ছে ‘নন্দিনী’।
এ সম্পর্কে নির্মাতা বলেন, ‘সিনেমার গল্পই হচ্ছে প্রধান আকর্ষণ। এটি আসলে উৎসবকেন্দ্রিক কোনো সিনেমা নয়। তবে দর্শকদের মন ভরাবে। আর সিনেমা শুধু ঈদেই মুক্তি দিতে হবে এটা আমি বিশ্বাস করি না। ভালো সিনেমা, ভালো গল্পের সিনেমা যেকোনো সময় মুক্তি দিলেই দর্শকরা দেখেন।’
/এমএস