দীর্ঘ বিরতির পর এ বছর বাংলা সিনেমা নির্মাণে ফিরেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। গত জুলাইয়ে মুক্তি পেয়েছে ‘ডিয়ার মা’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জয়া আহসান। এবার এই নির্মাতার সিনেমায় দেখা যাবে বাংলাদেশের দুই অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণকে। এমনই ইঙ্গিত দিয়েছেন চঞ্চল ও ফারিণ। চলছে আলোচনা ও প্রস্তুতি।
বর্তমানে দুজনই আছেন কলকাতায়। পরিচালক ব্রাত্য বসুর ‘শিকড়’ সিনেমার শুটিং করছেন চঞ্চল। অন্যদিকে, ফারিণও রয়েছেন নতুন একটি প্রজেক্টের প্রস্তুতিতে। সম্প্রতি অভিনেত্রী কোয়েল মল্লিকের আমন্ত্রণে তাঁরা উপস্থিত ছিলেন ‘স্বার্থপর’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে।
ভারতের সংবাদমাধ্যমের প্রশ্নে দুই তারকাকে একসঙ্গে দেখা যাওয়ার কারণ জানতে চাইলে হাসিমুখে চঞ্চল চৌধুরী বলেন, ‘আসলে পুরোটাই কাকতালীয়। আমি জানতাম না ফারিণ এখানে আছে, সেও জানত না আমি এসেছি। আমি টোনিদার (পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী) সঙ্গে মিটিংয়ের জন্য এসেছিলাম, তাসনিয়াও একই কারণে এসেছে। পরে দেখা হয়ে গেল, বেশ মজার এক কাকতালীয় ঘটনা।’
অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় দুজনকে একই সিনেমায় দেখা যাবে কি না—এমন প্রশ্নের উত্তরে চঞ্চল বলেন, ‘সেটা এখনো নিশ্চিত না। তবে কথাবার্তা চলছে। সম্ভাবনা আছে। আশা করি আমরা একসঙ্গে কাজ করব।’
চঞ্চল আরও বলেন, ‘টোনিদার সঙ্গে আজ আমরা ব্রাঞ্চ করেছি, আসলে সবাই দেরি করে ঘুম থেকে উঠি। তাই ব্রেকফাস্ট ও লাঞ্চ একসঙ্গে করেছি, নানা বিষয়ে গল্প হয়েছে। তিনিই আমাদের এখানে আসতে বলেছেন, কোয়েলও আমন্ত্রণ জানিয়েছিলেন। এখন ‘স্বার্থপর’ ছবিটা দেখার অপেক্ষায় আছি।’
চঞ্চলের সঙ্গে সুর মিলিয়ে ফারিণও বলেন, ‘কথা হচ্ছে। দেখা যাক। এর বেশি কিছু বলতে পারব না।’
প্রসঙ্গত, টালিউড সিনেমা ‘আরও এক পৃথিবী’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় ফারিণের। প্রথম সিনেমাতেই প্রশংসিত হয় তাঁর অভিনয়। পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা পুরস্কার। এরপর বিপ্লব গোস্বামীর ‘পাত্রী চাই’ এবং অভিজিৎ সেনের ‘প্রজাপ্রতি ২’ সিনেমায় অভিনয়ের কথা ছিল ফারিণের।
এদিকে গত বছর সৃজিত মুখার্জির ‘পদাতিক’ সিনেমা দিয়ে টালিউডে যাত্রা শুরু করেন চঞ্চল চৌধুরী। এতে তিনি অভিনয় করেন কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চরিত্রে। সম্প্রতি চঞ্চল শেষ করেছেন ‘শিকড়’ সিনেমার শুটিং। তাঁর হাতে রয়েছে অমিতাভ ভট্টাচার্যের ‘ত্রিধারা’। এতে প্রথমবার চঞ্চলের সঙ্গে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে।
/আবরার জাহিন