মেগাস্টার সালমান খানের বড় পর্দায় সাম্প্রতিক সময়টা মোটেই ভালো যাচ্ছে না। তার মুক্তিপ্রাপ্ত শেষ কিছু সিনেমা তেমন আশানুরূপ আয় করতে পারেনি। এর পরও বলিউড ভাইজানের খ্যাতিতে যেন বিন্দুমাত্রও ভাটা পড়েনি। বক্স অফিসে নিরাশ করলেও তার হাতে এখনো একাধিক প্রকল্প রয়েছে। এর মধ্যে অন্যতম হলো ‘দাবাং’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি ‘দাবাং ৪’।
তবে গুঞ্জন রয়েছে সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি এবার ছবির পরিচালকের আসনে বসতে পারেন সালমান। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ‘দাবাং ৪’ নিয়ে মুখ খুলেছেন তার ভাই আরবাজ খান। তিনি জানান, দাবাংয়ের চতুর্থ কিস্তির চিত্রনাট্যের খসড়া এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে, কয়েকটি কাজও বেশ এগিয়েছে। তবে ছবিটি কে পরিচালনা করছেন সেটা জানাতে চাননি তিনি।
সালমান খানের ভাইয়ের এই বিষয়ে চুপ থাকা নিয়ে তাই নতুন করে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি ছবিটি পরিচালনা করছেন সালমান খান নিজেই? কেননা এর আগে দাবাংয়ের প্রথম কিস্তির নির্মাতা অভিনব কাশ্যপ অভিযোগ তুলেছিলেন, ছবির পরিচালকের আসনে সে বসলেও শুটিং সেটের নেপথ্যে মূল সিদ্ধান্তগুলো নিতেন সালমান খান নিজেই। আর এতেই দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন ভাইজানের ভক্ত-সমর্থকরা। তবে সিনেমা সংশ্লিষ্টরা বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানাননি।
এ প্রসঙ্গে বলিউড সূত্রে জানা গেছে, ছবি সংশ্লিষ্টরা এ সম্পর্কে এখনই সব কিছু প্রকাশ করতে চাইছেন না। তবে নীরবে তারা কাজ এগিয়ে নিচ্ছেন। ২০২৬ সালেই ছবির শুটিং শুরুর কথা রয়েছে। এদিকে, অভিনবের পর দাবাংয়ের পরবর্তী দুই কিস্তি পরিচালনার দায়িত্বে ছিলেন আরবাজ খান এবং প্রভু দেবা। আর কিছুদিন আগেই দাবাং সিনেমার দেড় দশক পূর্তি উদযাপন করেছেন সালমান খান।
/এমএস