না ফেরার দেশে পাড়ি জমালেন বীর মুক্তিযোদ্ধা এবং ঢাকাই চলচ্চিত্রের প্রযোজক ও অভিনেতা কামাল পারভেজ। তিনি সম্পর্কে দেশের খ্যাতনামা দুই চিত্রনায়ক সোহেল রানা ও রুবেলের ভাই। জানা গেছে, আজ শনিবার ভোর ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কামাল পারভেজের মৃত্যুর খবরটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সোহেল রানার ছেলে অভিনেতা-নির্মাতা মাশরুর পারভেজ। দেশের এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরেই চাচ্চু অসুস্থ। শুক্রবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। পরে আইসিউতে ভর্তি করানো হয়। এরপর শারীরিক অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্টে দেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।’
মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফনের কথা রয়েছে। চিত্রনায়ক সোহেল রানা ও রুবেলরা পাঁচ ভাই, তাদের মধ্যে কামাল পারভেজ তৃতীয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ আত্মীয়স্বজন ও বহু শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
/এমএস