ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা রঞ্জিতা। ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ঢাকা ৮৬’ সিনেমায় বাপ্পারাজের সঙ্গে জুটি বাঁধেন তিনি। কিংবদন্তি অভিনেতা রাজ্জাক-এর পরিচালনায় এই ছবি দিয়েই আলোচনায় আসেন রঞ্জিতা। এবার এই নায়িকার কান ছিঁড়ে নিল ছিনতাইকারী। শুধু তাই নয়, ছিনতাইকারীদের হামলায় তার কানে সাতটি সেলাই দিতে হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
রোববার (১৭ মে) মধ্যরাতে রঞ্জিতার একগুচ্ছ ছবি শেয়ার করে সনি জানান, চিত্রনায়িকা রঞ্জিতা বিএফডিসি থেকে রামপুরার বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন এবং ভীষণভাবে আহত হন। ছিনতাইকারীরা তার ওপর হামলা চালালে কানের লতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত রামপুরার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।