শীতের প্রকোপ যখন দেশের উত্তরাঞ্চলের জনজীবনকে নাজুক করে তুলেছে, ঠিক তখনই উষ্ণতার বার্তা নিয়ে এগিয়ে এল খবরের কাগজের পাঠকদের সংগঠন ‘বন্ধুজন’। সংগঠনটির উদ্যোগে দিনাজপুরের অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ৯টায় দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের করিমুল্লাপুর গ্রামের তালিমুত সুন্নাহ ইসলামী মাদ্রাসা মাঠে কম্বল বিতরণের আয়োজন করা হয়।
শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এ আয়োজন ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও মানবিক। গ্রামের হতদরিদ্র মানুষজন সকাল থেকেই মাদ্রাসা মাঠে জড়ো হতে থাকেন। শীতের তীব্রতা উপেক্ষা করে শিশু, নারী ও বৃদ্ধদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাদের চোখেমুখে ছিল শীতবস্ত্র পাওয়ার প্রত্যাশা।
বন্ধুজনের সদস্যরা প্রত্যেকের হাতে কম্বল তুলে দেন, যেন কেউ বাদ না পড়েন। বন্ধুজন দিনাজপুরের প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক হবিবুর রহমানের সভাপতিত্বে কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই তালিমুত সুন্নাহ ইসলামী মাদ্রাসার প্রধান অধ্যক্ষ হাফেজ মাওলানা সোহেল রানার নেতৃত্বে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ, জাতি ও সমাজের কল্যাণ কামনার পাশাপাশি খবরের কাগজ ও বন্ধুজনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধুজন দিনাজপুর জেলা সভাপতি রাকিব হাসান সিফাত, সাধারণ সম্পাদক সাবিদ হাসান, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা। এ ছাড়া সংগঠনের সক্রিয় সদস্য শরিফুল ইসলাম সাজু, আবু বক্কর সিদ্দিকসহ আরও অনেকে উপস্থিত থেকে কম্বল বিতরণে অংশ নেন।
বন্ধুজন দিনাজপুরের প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক হবিবুর রহমান বলেন, ‘বন্ধুজন সব সময় সমাজের অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছে। আমাদের অবস্থান থেকে যতটুকু পারি, ততটুকুই শীতার্ত মানুষের জন্য করার চেষ্টা করছি। তাদের শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে পেরেছি—এতে ব্যক্তিগতভাবে এবং সংগঠন হিসেবে আমরা তৃপ্ত। মহান আল্লাহ যেন এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন এবং যারা এ কাজে সহায়তা করেছেন, সবাইকে উত্তম প্রতিদান দেন।’