বিজয়ের মাসে মুক্তিচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজের পাঠক ফোরাম বন্ধুজনের উদ্যোগে নগরের ষোলশহর রেলস্টেশনে শিশুদের জন্য শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) অনুষ্ঠিত উৎসবে শতাধিক শিশু ছাড়াও আশপাশের হকার, শ্রমিক, পথচারী, ট্রেনের যাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শামিল হন। শিশুরা নেচে গেয়ে এই উৎসব পালন করে।
বন্ধুজন চট্টগ্রামের সদস্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন কায়সার নিলুফার কলেজের প্রতিষ্ঠাকালিন অধ্যক্ষ শেখ মোহাম্মদ ওমর ফারুক বলেন, খবরের কাগজের পাঠক ফোরাম বন্ধুজনের এই মানবিক উদ্যোগ প্রশংসার দাবি রাখে। যেখানে শিশুরা নাচ, গান, কবিতা আবৃত্তি ও পবিত্র কোরানের সুরা তেলাওয়াতসহ নানা আয়োজন শেষে শীতকালীন পিঠা খেয়ে আনন্দ উপভোগ করে। যাতে শামিল হয়েছে আশপাশের সাধারণ মানুষও। এধরনের আয়োজন আমাদের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রেরণাদায়ক। ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি আরো বেশি করে আয়োজনে আহ্বান জানান তিনি।
খবরের কাগজ চট্টগ্রামের ব্যুরো প্রধান এস এম ইফতেখারুল ইসলামের সঞ্চালনায় পিঠা উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলানাথ মনোরম সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেকান্দর পাশা, চট্টগ্রাম ডেভেলপমেন্ট ফোরামের মুখপাত্র মোহাম্মদ খোরশেদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী মো. সাদেক ও আলাউদ্দিন প্রমুখ।
ইফতেখারুল ইসলাম বলেন, পাঠকপ্রিয় জাতীয় দৈনিক খবরের কাগজের পাঠকদের সংগঠন বন্ধুজন। শুরু থেকে নানা সামাজিক, সাংস্কৃতিক আয়োজন করে আসছে। বিভিন্ন দুর্যোগ-দুর্বিপাকে অসহায়ের পাশে দাঁড়িয়েছে। বর্ষাকালে বিভিন্ন বিদ্যালয়ে গাছের চারা বিশেষ করে ওষুধি গাছের চারা বিতরণ বন্ধুজনের নিয়মিত কর্মসূচির অংশ।
চট্টগ্রাম ডেভেলপমেন্ট ফোরামের মুখপাত্র মো. খোরশেদ আলম বন্ধুজনের যে-কোনো উদ্যোগে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। উপস্থিত অন্যান্য অতিথিরাও বন্ধুজনের যে-কোনো মানবিক কর্মসূচির পাশে থাকার অঙ্গীকার করেন।
এসএন/