খবরের কাগজের স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধুজন চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রামে বৃক্ষরোপণ, শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই) সকালে শহরের জালালাবাদ ভোলানাথ মনোরমা সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। আগামী প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বসতভিটার আশপাশে গাছ লাগানোর পাশাপাশি সড়ক এবং খালের পাশে পতিত জমিতেও গাছের চারা লাগাতে হবে। গাছ লাগানোর জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সভা শেষে ভোলানাথ মনোরমা সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেকান্দর পাশা। এতে বক্তব্য রাখেন খবরের কাগজের চট্টগ্রাম ব্যুরোর প্রধান এস এম ইফতেখারুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এস এম ফয়েজ আহমদ, দিলীপ মুহুরী, জেসমিন আকতার, বন্ধুজন চট্টগ্রামের সদস্য ও ব্যবসায়ী সাদেক বাচ্চু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন খান।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেকান্দর পাশা বলেন, ‘বর্ষাকাল বৃক্ষরোপণের উপযুক্ত সময়। গাছ অক্সিজেন দিয়ে আমাদের জীবন বাঁচায়। একইভাবে এটি আমাদের জন্য বড় সম্পদ। আজ একজন একটি গাছের চারা লাগালে ২০ বছর পর সেটি বড় ধরনের সঞ্চয়ে পরিণত হবে। আমাদের সবার উচিত প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানো।’
এস এম ফয়েজ আহমদ বলেন, ‘আমরা শুধু নিজেদের জন্য গাছ লাগাব না। সড়কের পাশে, খালের পাড়ে ও পতিত জায়গায় গাছের চারা লাগাতে পারি। গাছ লাগানোকে সামাজিক আন্দোলনের অংশ বানিয়ে ফেলতে হবে। সবাই সচেতন হলে, সবাই গাছ লাগালে আমাদের পরিবেশ আরও বেশি বাসযোগ্য হবে।’