বৈদ্যুতিক গাড়ির (ইভি) বাজার সম্প্রসারণ ও যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কজনিত জটিলতা কাটাতে বড় ধরনের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া সরকার। দেশটির সরকার হুন্দাই ও কিয়া-এর মতো অটোমোবাইল জায়ান্টদের জন্য ইভি খাতে ভর্তুকি ২০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে। গত সপ্তাহে এই সহায়তার বিষয়টি নিশ্চিত করা হয়।
হুন্দাই মোটর গ্রুপের অধীনে থাকা কিয়া ও জেনেসিস ব্র্যান্ডগুলো বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে নিজেদের অবস্থান জোরদার করার চেষ্টা চালাচ্ছে। তারা সেখানে স্থানীয় উৎপাদন বাড়ানো এবং নতুন বৈদ্যুতিক মডেল আনার পরিকল্পনা করেছে।
তবে যুক্তরাষ্ট্রের বাজারে কোরীয় গাড়ির ওপর আমদানি শুল্ক বেড়ে ২৫ শতাংশ হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে এই অটোমোবাইল জায়ান্টগুলো।
হুন্দাইয়ের তথ্যমতে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে শুল্কসংক্রান্ত কারণে হুন্দাইয়ের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১.৮ ট্রিলিয়ন ওন (১.২ বিলিয়ন ডলার)। অন্যদিকে কিয়া মোটরসের ক্ষতি হয়েছে ১.২ ট্রিলিয়ন ওন (৮৩০ মিলিয়ন ডলার)।
গাড়ি নির্মাতাদের এই বাড়তি খরচের চাপ সামলাতে এগিয়ে এসেছে দক্ষিণ কোরিয়া সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালে ইভি খাতের ভর্তুকি বর্তমানের ৭৮০ বিলিয়ন ওন থেকে বাড়িয়ে ৯৩৬ বিলিয়ন ওন (৬৪৫ মিলিয়ন ডলার) করা হবে। অর্থাৎ ভর্তুকি বাড়ছে প্রায় ২০ শতাংশ।
এ ছাড়া দেশটির গাড়ি ও যন্ত্রাংশ নির্মাতাদের সহায়তায় ২০২৬ সালে ১৫ ট্রিলিয়ন ওন (১০.৩ বিলিয়ন ডলার) আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর মধ্যে স্বল্পসুদে ঋণ এবং গ্যারান্টি সুবিধাও অন্তর্ভুক্ত থাকবে।
সরকার পরবর্তী প্রজন্মের গাড়ি বা ‘নেক্সট জেনারেশন ভেহিকল’ তৈরির দিকেও বিশেষ মনোযোগ দিচ্ছে। ২০২৮ সালের মধ্যে দেশে সম্পূর্ণ অটোনোমাস গাড়ি তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২০৩০ সালের মধ্যে এমন ইভি তৈরির পরিকল্পনা রয়েছে, যা মাত্র ৫ মিনিটে চার্জ হবে এবং ১ হাজার ৫০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। একই সঙ্গে ইভির দাম সাধারণ জ্বালানির গাড়ির সমপর্যায়ে নামিয়ে আনার লক্ষ্যও রয়েছে সরকারের।
এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া আমদানি করা পণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনার বিষয়ে একমত হয়েছে। এর ফলে জাপানি ব্র্যান্ডগুলোর মতো শুল্ক সুবিধা পাবে হুন্দাই ও কিয়া।
শুল্কের বাধা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের বাজারে হুন্দাই ও কিয়ার বিক্রি কমেনি। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে তাদের সম্মিলিত বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ বেড়েছে, যেখানে দুই প্রতিষ্ঠান মিলে প্রায় ৪ লাখ ৮০ হাজার গাড়ি বিক্রি করেছে।
যুক্তরাষ্ট্র সরকারের ৭ হাজার ৫০০ ডলারের ট্যাক্স ক্রেডিট সুবিধা না থাকায়, ক্রেতাদের আকৃষ্ট করতে কোম্পানি দুটি বড় ধরনের মূল্যছাড় দিচ্ছে। কিয়া তাদের সব মডেলে ১০ হাজার ডলার পর্যন্ত ‘কাস্টমার ক্যাশ ডিসকাউন্ট’ দিচ্ছে। হুন্দাই তাদের জনপ্রিয় ‘আয়নিকা ৫’ মডেলটি অত্যন্ত সাশ্রয়ী মাসিক কিস্তিতে লিজ দিচ্ছে।