রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ভাড়া নিয়ে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে রিকশাচালক, ভাড়া ও তাদের পোশাক নির্ধারণ করা হয়েছে।
রবিবার (৭ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে প্রাথমিকভাবে ৩০ জন রিকশাচালকের মাঝে পোশাক বিতরণ করেন প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক।
ফলে শিক্ষার্থীরা ক্যাম্পাসের রিকশা সহজেই চিনতে পারবেন। এতে ভাড়া নিয়ে ভোগান্তি ও অভিযোগ কমবে।
এ সময় যেসব রিকশাচালক বিশ্ববিদ্যালয়ের পোশাক নিয়েছেন তারা ক্যাম্পাসেই ভাড়া চালাবেন। তাদের ভাড়ার চার্ট দেওয়া হয়। যাতে শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ভাড়া নিতে পারেন।
এ বিষয়টিকে স্বাগত জানিয়ে সজিব হোসেন নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের ক্যাম্পাসটা বড় এবং শিক্ষার্থীও অনেক। ফলে ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তি ছিল। নতুন এই উদ্যোগকে স্বাগত জানাই। তবে এই রিকশাচালকের সংখ্যা যথেষ্ট নয়। ক্যাম্পাসে রিকশাচালকের সংখ্যা আরও বাড়ানো দরকার।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক খবরের কাগজকে বলেন, ‘আমাদের শিক্ষার্থী ও চালকদের মাঝে ভাড়া নিয়ে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এ জন্য এ সিদ্ধান্ত নিয়েছি। ক্যাম্পাসে ভাড়া নিয়ে অনেক সময় শিক্ষার্থীদের বিড়ম্বনায় পড়তে হয়। এটি কমাতে রিকশাচালকদের আগ্রহের ভিত্তিতে প্রাথমিকভাবে ৩০ জনকে আমরা পোশাক এবং ভাড়া নির্ধারিত করে দিয়েছি। পরে যদি আরও রিকশাচালক আগ্রহ দেখায় এবং যাদের দেওয়া হয়েছে তাদের কাজের ভিত্তিতে আরও বাড়ানো হবে। তাদের কাছে দাবি জানিয়েছি, নির্ধারিত ভাড়ার বেশি যেন তারা না নেন।’
এস আই সুমন/জোবাইদা/অমিয়/