বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরসহ ১৯ জন পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত তারা পদত্যাগপত্র জমা দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম।
এর আগে গতকাল সোমবার (১৯ আগস্ট) বিকেলে ২৪ ঘণ্টার মধ্যে উপাচার্য ও প্রক্টরকে পদত্যাগ করতে আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টা থেকে ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।
রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বলেন, ‘গতকাল দুপুরে ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের আন্দোলন শুরু হলে প্রক্টর আবদুল কাইউম রেজিস্ট্রার বরাবর চিঠি দিয়ে প্রথমে পদত্যাগ করেন। এরপর বেলা ১টায় ভিসি বদরুজ্জামান ভুঁইয়া ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে শিক্ষা মন্ত্রণালয় বরাবর চিঠি দিয়ে পদত্যাগ করেন। পরে প্রক্টরিয়াল বডির ৬ জন, ৪ হলের প্রাধ্যক্ষ, পরীক্ষা নিয়ন্ত্রক, লাইব্রেরিয়ান, টিএসসির পরিচালকসহ ১৯ জন পদত্যাগ করেছেন। এখন নতুন ভিসি না আসা পর্যন্ত আর্থিক বিষয় ছাড়া সব কিছু স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় বিশ্বাস শুভ বলেন, ‘ভিসি ও প্রক্টর ছাত্র আন্দোলনে সর্বোচ্চ অসহযোগিতা করেছেন। তারা আন্দোলন দমাতে ও শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি করতে চেষ্টা চালিয়ে গেছেন।’
মঈনুল ইসলাম/সালমান/