দরজায় কড়া নাড়ছে নতুন আরেকটি বছর। এরইমধ্যে অনেকে নতুন বছরের পরিকল্পনাও সাজাতে বসে গেছে। আনন্দ-বেদনা, আশা-নিরাশার ভেলায় চড়ে সবাই ২০২৪ সালকে বিদায় জানাতে যখন প্রস্তুত তখন একটু পেছন ফিরে দেখা যাক ফেলে আসা দিনগুলো।
চলতি বছর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) হারিয়েছে দুই মেধাবী শিক্ষার্থীকে। যারা কোনোদিন আর ফিরবেন না। চিরদিনের জন্য পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। চলতি বছরে ঘটে যাওয়া সেই হৃদয়বিদারক ঘটনাগুলো নিয়ে আজকের এই প্রতিবেদন।
গত ১০ জানুয়ারি লিভারের সমস্যাজনিত কারণে ইতালির মিলানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী ইসমাইল হোসেন।
তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়। কর্মজীবনে তিনি সিসকো আইটি কোম্পানিতে কর্মরত ছিলেন।
ফুটবল খেলার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী মোস্তফা তারেক সিয়াম।
গত ৩০ অক্টোবর বিকেলে বিশ্ববিদ্যালয় খেলার মাঠে বুকে ব্যথা অনুভূত হওয়ার পর মাঠ থেকে উঠে চলে আসেন তিনি। পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারিয়ে ফেললে অন্য শিক্ষার্থীরা তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সিয়াম ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং নড়াইল জেলার বাসিন্দা ছিলেন।
কাউসার/নাবিল/এমএ/