বিশ্ববিদ্যালয়ের পাশে স্থানীয় ওয়াজ মাহফিলে স্থানীয় ছেলেদের হামলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থী আহত হয়েছেন।
শুক্রবার (১০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়সংলগ্ন নয়াবাজার এলাকায় রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মাশরাফি এবং জুবায়ের তাহসান সৌম্য। আহত শিক্ষার্থীদের একজনের মাথায় এবং আরেকজনের হাতে আঘাত পেয়েছেন।
তাদের প্রথমে প্রাথমিক চিকিৎসার জন্য মাউন্ট অ্যাডোরা হাসপাতালে এবং পরে ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যবসায় প্রশাসন বিভাগের একই শিক্ষাবর্ষের ১২ জন শিক্ষার্থী বন্ধুর জন্মদিন পালনের পর বিশ্ববিদ্যালয়সংলগ্ন নয়াবাজার এলাকায় স্থানীয় ওয়াজ মাহফিলে ঘুরতে যায়। এ সময় স্থানীয় কিছু ছেলে তাদের মোবাইল চেক করার কথা বলে এবং একপর্যায়ে তাদের মোবাইল ভেঙে ফেলে এবং মারধর শুরু করে। এ সময় স্থানীয় ১০/১৫ জন ছেলে বাঁশ ও ছুরি দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করে।
এ ব্যাপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ঘটনাটি জানার পর আমাদের একটা টিম অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা করছে। লিখিত অভিযোগ পাওয়ার পর এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মো. বেলাল হোসেন শিকদার বলেন, পুলিশ আসামিদের ধরার জন্য কাজ করছে এবং শিক্ষার্থীদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে আসামিদের দ্রুত শাস্তির আওতায় আনার জন্য আমরা সর্বাত্মক সহোযোগিতা করব।
ইসফাক আলী/জোবাইদা/