ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) নারী শিক্ষার্থীদের জন্য নামাজের নির্দিষ্ট স্থান উদ্বোধন করা হয়েছে। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জোহরের নামাজে ইমামতির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ নামাজের জায়গা উদ্বোধন করেন।
মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাফিসা ইসলাম সাকাফি বলেন, ২০২২ সালের ১২ এপ্রিল রমজান মাসে টিএসসিতে প্রশাসনের বাধা উপেক্ষা করে নামাজের জায়গার ব্যবস্থা করে ২৪ ঘণ্টাও রাখতে পারিনি। ছাত্রলীগ সেটা ভেঙে দেয়। এরপর দীর্ঘ লড়াইয়ের পর নতুন বাংলাদেশে আমরা আবার টিএসসিতে মেয়েদের নামাজের ব্যবস্থার জন্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি। যারা এ কাজে সহযোগিতা করেছে আল্লাহ উত্তম প্রতিদান দিক।
প্রশাসনকে এভাবে পাশে পাবো আশা করিনি, উল্লেখ করে স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ বলেন, টিএসসিতে নামাজের জায়গার দাবিটা একটা গণদাবিতে পরিণত হয়েছিলো। এর আগে বিভিন্নভাবে চেষ্টা করেও আমরা সফল হতে পারিনি। ডিসেম্বরের শুরুতে তাই আঁটঘাট বেঁধেই নামি, যেভাবেই হোক এটাকে সফল করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও গ্রীন ফিউচার ফাউন্ডেশনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের উদ্যোগটি এভাবে সফলতার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য। স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ শিক্ষার্থীদের প্রয়োজনে এমন আরো কিছু উদ্যোগ নিয়েছে ও নিচ্ছে। আশা করি সেগুলোতেও প্রশাসনকে এভাবে পাশে পাব।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, আজকের এ অনুষ্ঠান আমাদের জন্য এক মহৎ এবং অনন্য একটি মুহূর্ত। আমরা আজ নতুন নামাজের জায়গার উদ্বোধন করতে যাচ্ছি, যা আমাদের সবার জন্য একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং আত্মিক উন্নতির ক্ষেত্র হয়ে উঠবে। বিগত প্রশাসন শিক্ষার্থীদের এ নায্য দাবির ব্যাপারে আগ্রহ দেখায়নি। আশা করি এর মাধ্যমে আমরা আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক আরও দৃঢ় করতে পারবো এবং নিজেদের আত্মিক উন্নতি সাধন করতে পারব।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী, কলা অনুষদের ডিন সিদ্দিকুর রহমান খান, ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক (দক্ষিণ) অধ্যাপক ড. আব্দুস সালাম এবং যুগ্ম আহ্বায়ক (উত্তর) অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রমুখ।
আরিফ জাওয়াদ/সিফাত/




