জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে র্যাগিং হলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মুল হক।
রবিবার (২২ জুন) সকালে এক ফেসবুক পোস্টে তিনি নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে এ কথা বলেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘প্রিয় ২০তম ব্যাচের শিক্ষার্থীবৃন্দ! আপনাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবারের নতুন সদস্য হিসেবে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গনে আপনাদের আগমন আমাদের জন্য গর্ব ও আনন্দের বিষয়। আমরা বিশ্বাস করি, আপনারা উচ্চশিক্ষার মাধ্যমে নিজেকে গড়ে তোলার পাশাপাশি মানবিক মূল্যবোধ, সততা এবং দায়িত্ববোধে উজ্জীবিত হবেন। বিশ্ববিদ্যালয় হলো সহনশীলতা, সহযোগিতা ও সৌহার্দ্যের স্থান—এখানে আমরা সবাই একে অপরের সহযাত্রী।
নতুনদের আগমণকে ঘিরে ক্যাম্পাসে র্যাগিং এর ঘটনা ঘটে। র্যাগিং একটি দণ্ডনীয় অপরাধ, যা আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো শিক্ষার্থী যদি নবীনদের শারীরিক, মানসিক বা মৌখিকভাবে হয়রানির চেষ্টা করেন, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসাথে, নবীনদের যেকোনো ধরনের হয়রানির ঘটনা বিভাগীয় ছাত্র উপদেষ্টা ও চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডি, ছাত্রকল্যাণ পরিচালক, শিক্ষার্থী সংশ্লিষ্ট কমিটি, কোষাধ্যক্ষ কিংবা উপাচার্য মহোদয়ের অফিসকে দ্রুত জানাতে অনুরোধ করা হচ্ছে।
আমরা চাই, এই ক্যাম্পাস হোক এক উজ্জ্বল, নিরাপদ ও উৎসাহব্যঞ্জক শিক্ষার পরিবেশ। আসুন, সবাই মিলে একটি ইতিবাচক, র্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়ে তুলি।’
মুজাহিদ বিল্লাহ/অমিয়/




