বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মোট সাতটি গবেষণা প্রজেক্ট অনুমোদন পেয়েছে। এ গবেষণা প্রকল্পে পাঁচটি বিভাগের সাতজন শিক্ষক সুপারভাইজার হিসেবে মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই ) বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ শফিকুল ইসলাম এ তথ্য জানান।
অনুমোদিত প্রকল্পগুলোতে সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করবেন- ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. আ ফ ম শহীদ-উদ-দৌলা ও অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আসাদুন নবী, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ, মৎস্য ও সামুদ্রিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রাকেব-উল-ইসলাম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদ্দম হোসেন ও মো. গোলাম কিবরিয়া।
এ প্রকল্পের মূল লক্ষ্য দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন ও রূপান্তর সাধন। বিশেষ করে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা কার্যক্রমকে আরও বেশি উৎসাহিত ও গতিশীল করা হচ্ছে এ প্রকল্পের মাধ্যমে।
এ প্রসঙ্গে অধ্যাপক ডা. মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, 'ইউজিসির হিট প্রকল্পে আমাদের গবেষণা প্রস্তাব অনুমোদিত হওয়াটা নিঃসন্দেহে একটি গর্বের বিষয়। এটি আমাদের শুধু উৎসাহিতই করছে না, বরং দেশের উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখার একটি বাস্তব সুযোগ এনে দিয়েছে।'
তিনি বলেন, 'এ প্রকল্পের মাধ্যমে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ গবেষণায় যুক্ত হতে পারব, যা আমাদের সমাজ, স্বাস্থ্য ও বিজ্ঞানভিত্তিক সমস্যার টেকসই সমাধান দিতে সক্ষম হবে। আমি বিশ্বাস করি, এ ধরণের উদ্যোগ একদিকে যেমন তরুণ গবেষকদের আগ্রহ বাড়াবে, তেমনি বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটি গবেষণা সংস্কৃতির বিকাশ ঘটাবে। একই সঙ্গে আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সহকর্মীদের সহযোগিতায় এ প্রকল্প সাফল্যের সঙ্গে বাস্তবায়ন করতে আমি আশাবাদী।'
কাউসার/রিফাত/পপি/




