কোনো ধর্মই অন্যায়কে সমর্থন করে না, দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। প্রতিটি ধর্মই ভালোকে ভালো এবং মন্দকে মন্দ বলা শেখায় বলে মন্তব্য করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আসন্ন শারদীয় দুর্গোৎসব– ২০২৫ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এ সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের সনাতন ধর্মাবলম্বী সদস্যরা অংশ নেন।
সভায় উপাচার্য অধ্যাপক ড. ইসমাইল বলেন, “আবহমানকাল থেকেই এ দেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। ধর্মীয় সম্প্রীতির মধ্যেই আমরা বেড়ে উঠেছি। এ সম্প্রীতি বজায় রাখতে যা কিছু প্রয়োজন, আমরা তা করব। এ দেশ সবার, তাই পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে আমরা একসঙ্গে এগিয়ে যাব।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়সহ প্রতিটি জায়গায় আপনাদের পদচারণা আরও উজ্জ্বল হোক।”
এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের শারদীয় শুভেচ্ছা জানান।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কেন্দ্রীয় উপাসনালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক ড. দিব্যদ্যুতি সরকার, সাধারণ সম্পাদক ড. সুবোধ কুমার সরকারসহ সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কাউসার/মেহেদী/