বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নওয়াব নবাব আলী সিনেট ভবন প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ড তুলনামূলকভাবে এখন অনেক বেশি দৃশ্যমান। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ও যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে আমরা চ্যালেঞ্জিং সময় পার করছি। পরস্পরের হাত ধরে থাকলে সকল চ্যালেঞ্জ আমরা সহজেই মোকাবিলা করতে পারব।’
সভাপতির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকে আমরা ঢাবির সঙ্গে আছি, ভবিষ্যতেও থাকব। অ্যালামনাইরা সবসময় বিশ্ববিদ্যালয় ও শিক্ষার উন্নয়নে অবদান রাখবে। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে অ্যালামনাই অ্যাসোসিয়েশন।’
এ সময় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য-সচিব এ টি এম আবদুল বারী ড্যানীর সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বক্তব্য রাখেন। আলোচনা পর্ব শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে অ্যালামনাই ফ্লোরে অ্যাসোসিয়েশনের সদস্যরা বিভিন্ন স্মৃতিচারণ করেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ১৯৪৯ সালের ২৪ সেপ্টেম্বর, বিশ্ববিদ্যালয়ের প্রথম কয়েক দশকের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে অ্যাসোসিয়েশনটি নানা সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এ ছাড়া শিক্ষা-গবেষণা, বৃত্তি প্রদান, সামাজিক সেবা ও বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং দেশের অগ্রগতিতে অবদান রেখে চলেছে।
আরিফ জাওয়াদ/সুমন/