তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিতকরণ ও ‘তিস্তা মহাপরিকল্পনা’ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ‘রংপুর বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ’-এর আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, তিস্তা শুধু একটি নদী নয়। এটি উত্তরবঙ্গের প্রাণ, কৃষি ও জীবিকার অবিচ্ছেদ্য অংশ। তারা দ্রুত তিস্তা প্রকল্প বাস্তবায়ন এবং বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবি জানান।
ওশানোগ্রাফি বিভাগের শিক্ষার্থী জিহাদুল ইসলাম রাফি বলেন, “‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’-এটা শুধু স্লোগান নয়, আমাদের সার্বভৌমত্ব ও উত্তরবঙ্গের মানুষের বাঁচার দাবির ঘোষণা। ভারতের বারবার প্রতিশ্রুতি ভঙ্গের কারণে তিস্তা আজ রক্তশূন্য। তিস্তা কোনো দান-খয়রাত নয়, এটা আমাদের অধিকার। নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দিতেই হবে। অন্যথায় এই জনতার প্রতিবাদ আরও অপ্রতিরোধ্য হয়ে উঠবে।”
শিক্ষা বিভাগের শিক্ষার্থী আল জকি হোসেন বলেন, ‘তিস্তায় পর্যাপ্ত পানি না থাকায় উত্তরবঙ্গের কৃষকরা বছরের পর বছর অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছেন। বিগত সরকারের ব্যর্থতায় আমরা পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হয়েছি। এখন জনগণ জেগে উঠেছে-তারা আর কোনো শোষণ মানবে না।’
একই বিভাগের শিক্ষার্থী মুজতবা ফয়সাল নাঈম বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য ২০২৩ সালকে লক্ষ্য ধরা হলেও সেটি রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছিল। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর আমরা নতুন আশায় বুক বেঁধেছিলাম। কিন্তু অন্তর্বর্তী সরকারের অবহেলায় এখনো প্রকল্পের কোনো অগ্রগতি হয়নি। প্রকল্পের মোট বাজেটের ১২ শতাংশ দেশের নিজস্ব অর্থায়নে হওয়ার কথা। অন্তত এ অংশ দিয়েই কাজ শুরু করতে হবে।’
শিক্ষার্থীরা আরও বলেন, ‘উত্তরবঙ্গের মানুষ সব সময় দেশের সংকটে পাশে থেকেছে, অথচ তাদের প্রাপ্য গুরুত্ব দেওয়া হয়নি।’ তাদের দাবি, তিস্তা বাঁচলে উত্তরবঙ্গ বাঁচবে, আর উত্তরবঙ্গ না বাঁচলে গোটা দেশেই খাদ্যসংকট দেখা দেবে।
কাউসার/এসজি/