জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়েদ হোসাইন হত্যার প্রতিবাদে বংশাল থানা ঘেরাও করেছেন তার সহপাঠীসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (১৯ অক্টোবর) রাতে তারা এই বিক্ষোভ করেন।
এ সময় থানা ভবনের সামনে প্রধান সড়কে কয়েকশো শিক্ষার্থী অবস্থান নিয়ে দীর্ঘ সময় স্লোগান দিতে থাকেন। অন্যপাশে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে ছাত্রদলের নেতাকর্মীসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীর অংশ নেন।
বিক্ষোভে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থী হুঁশিয়ারি দিয়ে বলেন, ছয় ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে থানার কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। এ ছাড়া যে বাসায় টিউশনি করতে গিয়ে জোবায়েদ খুন হয়েছেন, সেই বাড়ির মালিক ও তার স্ত্রীকে গ্রেপ্তার করতে হবে। এরই মধ্যে জুবায়েদ হোসাইন ওই বাসার যে কলেজছাত্রীকে পড়াতেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
বিক্ষোভস্থলে নিহতের সহপাঠীরা জানান, হত্যাকাণ্ডের সঙ্গে অন্তত দুইজনের জড়িত থাকার তথ্য তারা জানতে পেরেছেন। এর মধ্যে একজনের পরনে হলুদ গেঞ্জি এবং অপরজনের গায়ে লাল টি-শার্ট ছিল। রাত পৌনে ১টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত পুরান ঢাকার বংশাল থানার সামনে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন শিক্ষার্থীরা। এ সময় পুলিশ থানার ভেতরে অবস্থান করলেও বাইরে তাদের সেভাবে উপস্থিতি ছিল না।
আলমগীর হোসেন/সুমন/