গোপন ব্যলটের মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি নির্বাচিত করা হয়েছে। এতে ৭১৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন, ব্যবস্থাপনা বিভাগের রাকিবুল ইসলাম জুবায়ের এবং ১ হাজার ৬৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ওয়ালিদ বিন সালাউদ্দিন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ওই দিন রাতে ফলাফল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন
কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনজুরুল আলম রিয়াদ। এর আগে গত ১৫ অক্টোবর থেকে তিন দিনব্যাপী ছাত্রদলের কর্মী সংগ্রহ ও ভোটার হালনাগাদ কার্যক্রম পরিচালিত হয়।
সহসভাপতি মনজুরুল আলম রিয়াদ জানান, বিএম কলেজের শাখার ছাত্রদলের কমিটি গঠনের জন্য মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের প্রায় ২ হাজার ৫০০ কর্মী ভোট দেন। কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে ৫ জন প্রার্থীর মধ্যে সর্বাধিক ৭১৫ ভোট পেয়ে নির্বাচিত হন রাকিবুল ইসলাম জুবায়ের। অন্য প্রার্থীদের মধ্যে সিরাজুল ইসলাম রাতুল ৫৬৫ ভোট, অলিউল ইসলাম তামিম ৪২৪ ভোট, জাহিদুল ইসলাম ৩০৫ ভোট এবং মাকসুদুর রহমান ৭ ভোট পান। অপরদিকে সাধারণ সম্পাদক পদে ওয়ালিদ বিন সালাউদ্দিন ১ হাজার ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্য প্রার্থীদের মধ্যে হাসিবুল ইসলাম শান্ত ৮০৭ ভোট, তাহমিদা আক্তার জুঁই ১১৬ ভোট এবং জান্নাতুল নাঈম ১৭ ভোট পান।
জয়ী হওয়ার পর রাকিবুল ইসলাম জুবায়ের বলেন, ‘এটি বিএম কলেজ ছাত্রদলের প্রতিটি কর্মীর জয়। আমরা একসঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী করব।’
সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন বলেন, ‘ছাত্রদের আস্থা ও ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি সংগঠনের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাব।’
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, গত এক বছর ধরে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে ছাত্রদল ক্যাম্পাসে গেষ্টরুম কালচার চালু করবে। গণরুম কালচার চালু করবে। নেতা-কর্মীরা সিট দখল করবে। কেউ বলতে পারবে না, ছাত্রদলের কোনো পদধারী ক্যাম্পাসে পক্ষপাতমূলক আচরণ করেছে। কারণ আমরা সামান্যতম অনিয়ম ও অন্যায় করলে
আমরা ক্ষমা করি না। ছাত্রদল করতে হলে আচরণে সংযত হতে হবে। সাধারণ শিক্ষার্থীদের মনোভাব বুঝে ছাত্র রাজনীতি করতে হবে।
মেহেদী/