চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তদন্তাধীন জোড়া খুন মামলার চার্জশিটভুক্ত আসামি ও ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স বিভাগের সহকারী রেজিস্ট্রার মনসুর শিকদারকে একদল শিক্ষার্থী মব করে সিএনজিওতে তুলে নিয়ে বিকেল চারটার দিকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাস এলাকার মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ২০১৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া দুই শিক্ষার্থী হত্যা মামলায় মনসুর শিকদার এজাহারভুক্ত আসামি ছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি বিশ্ববিদ্যালয়ে চাকরিরত অবস্থায় ক্যাম্পাসে চলাফেরা করছিলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, আমি বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে আমার প্রক্টোরিয়াল বডি ও নিরাপত্তা বাহিনীকে পাঠাই কিন্তু সেখানে গিয়ে আমরা কাউকে পাইনি। পরবর্তীতে হাটহাজারী থানার ওসির সঙ্গে যোগাযোগ করলে তিনি নিশ্চিত করেন চারজন ছাত্র ভুক্তভোগীকে নিয়ে হাটহাজারী থানায় গিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন জানান, তিনি বিষয়টি অনেক পরে জেনেছেন। ভুক্তভোগীর পরিবার তার সঙ্গে যোগাযোগ করেছে। তিনি এ ব্যাপারে তাদের আইনি সহায়তা নেওয়ার পরামর্শ দেন।
এ বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, ২০১৫ সালের চবি দুই ছাত্র হত্যা মামলায় মনসুর শিকদার এজাহারভুক্ত আসামি ছিলেন। আজ বেলা চারটার দিকে একটি দল তাকে থানায় নিয়ে আসে। আমরা তাকে হেফাজতে নিয়েছি এবং আগামীকাল আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, মনসুর শিকদার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন ও স্থানীয় রাজনীতিতেও যুক্ত ছিলেন।
আল আরাফ/সুমন/




