রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সালের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক সাংগঠনিক সম্পাদক হাফেজ মেহেদি হাসান।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে তাদের নিজস্ব ওয়েলফেয়ার ভবনে বিনোদপুর এলাকায় নতুন কমিটি গঠিত হয়। তাদের দুজনেরই নিয়মিত ছাত্রত্ব শেষ হয়েছে।
মুজাহিদ ফয়সাল বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী এবং হাফেজ মেহেদি হাসান বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী।
দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোট অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত মুজাহিদ ফয়সালকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং তাকে শপথবাক্য পাঠ করান।
এরপর সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মুজাহিদ ফয়সাল শাখা শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে হাফেজ মেহেদী হাসানকে মনোনীত করেন। এরপর দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশ শেষ হয়। নতুন নেতারা শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।
কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহীমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহ।
সংগঠনটির সদ্য সাবেক সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘বিধি অনুযায়ী নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকে নেতা নির্বাচিত হওয়ার কথা। তবে তাদের দুজনেরই নিয়মিত স্নাতক-স্নাতকোত্তর শেষ হয়েছে। নতুন শিক্ষাবর্ষ এলে তারা ভর্তি হবেন।’
এমফিল ডিগ্রিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের ছাত্রত্বের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ‘সাধারণত বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী বলতে আমরা অনার্স-মাস্টার্সকেই বুঝি। তবে সর্বশেষ রাকসু নির্বাচনের সময় ডিগ্রিধারীদের ভোটাধিকার নিয়ে প্রশ্ন ওঠে। তখন থেকে এ বিষয়টি কিছুটা অমীমাংসিত। এ ডিগ্রিগুলো ঐচ্ছিক। সুতরাং এদিক থেকে এটাকে রেগুলার বলা যায় না।’