ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘এডুকেটিং উইমেন, এমপাওয়ারিং বাংলাদেশ: রিফ্লেকশন অন দ্য লিডারশিপ অব বেগম খালেদা জিয়া’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এটি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের উপর একটি নির্মোহ একাডেমিক মূল্যায়ন করতে চাই। বেগম খালেদা জিয়াকে শুধু একজন রাজনৈতিক নেতা কিংবা একটি নির্দিষ্ট দলীয় নেতার পরিসর থেকে নয়, আরও বড় দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। কারণ এ দেশের সাধারণ মানুষ দল ও মতের ঊর্ধ্বে উঠে তাকে গভীরভাবে ভালোবাসে ও সম্মান করে।’
উদ্বোধনী অনুষ্ঠানে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন ড. সাবিহা ইয়াসমিন রোজীর সভাপতিত্বে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বিশেষ অতিথি এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান বক্তব্য রাখেন। উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ সমাপনী সেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
উল্লেখ্য, পুরো সেমিনারে তিনটি প্লেনারি সেশন অনুষ্ঠিত হয়। ১ম সেশনে উইমেন’স এমপাওয়ারমেন্ট, এডুকেশন অ্যান্ড দ্য লেগেসি অব বেগম খালেদা জিয়া বিষয়ক পোস্টার উপস্থাপন করা হয়, ২য় সেশনে উইমেন’স এমপাওয়ারমেন্ট অ্যান্ড এডুকেশন ইন বাংলাদেশ: রিফ্লেকশনস অন বেগম খালেদা জিয়া’স লিডারশিপ শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করা হয় এবং ৩য় সেশনে স্টোরিজ অ্যাবাউট হার: জেন জিয়া’স রিফ্লেকশনস অন খালেদা জিয়া প্রবন্ধ উপস্থাপন করা হয়।
আরিফ/রিফাত/




