সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠনের ‘সাদা দল’ নেতারা।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের কবরস্থানে তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় কবর জিয়ারতের পাশাপাশি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদসহ সংগঠনের অন্যান্য শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে অংশ নেন নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক হাসিবুল হাসান। এ সময় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিশেষ দোয়া করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সাদা দলের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক রাজনীতির গুরুত্বপূর্ণ প্রতীক। তাঁদের আদর্শ ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে পথনির্দেশক হিসেবে কাজ করবে।
এ সময় সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহিদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ভূমিকা অবিস্মরণীয়। তাদের আত্মত্যাগ ও রাজনৈতিক দর্শন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। আমরা তাঁদের রুহের মাগফিরাত কামনা করি এবং গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।’
কবর জিয়ারত ও দোয়া মাহফিলের মাধ্যমে নেতারা প্রয়াত এই দুই নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের অবদান স্মরণ করেন।
কাওসার/রিফাত/




