উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাজশাহী কলেজে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ‘রাজশাহী কলেজ প্রেজেন্টেশন ক্লাব’ (আরসিপিসি)। স্পষ্ট, সুসংগঠিত ও আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলার অভ্যাস গড়ে তোলা থেকে শুরু করে দলীয় কার্যক্রমের মাধ্যমে নেতৃত্ব ও সহযোগিতার মানসিকতা তৈরি— সবকিছুতেই সংগঠনটি হয়ে উঠেছে নির্ভরতার নাম।
২০১৭ সালের ১৭ নভেম্বর একঝাঁক স্বপ্নবাজ শিক্ষার্থীর হাত ধরে যাত্রা শুরু করে আরসিপিসি। ক্লাবের কার্যক্রম শুধু প্রেজেন্টেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়। নিয়মিত সেশন, কর্মশালা ও অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের জনসমক্ষে কথা বলার ভয় কাটিয়ে তোলা হচ্ছে। সঠিক উচ্চারণ, শরীরী ভাষা, চোখের যোগাযোগ— এসব বিষয়েও দেওয়া হচ্ছে হাতে-কলমে প্রশিক্ষণ। পাশাপাশি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, কনটেন্ট রাইটিং ও আধুনিক সফট স্কিল শেখানো হচ্ছে সাপ্তাহিক সেশনে। তাৎক্ষণিক বক্তৃতা, প্রেজেন্টেশন প্রতিযোগিতা ও মক ইন্টারভিউ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার সুযোগ তৈরি করা হচ্ছে।
নয় বছরের পথচলায় আরসিপিসি এখন কলেজের অন্যতম প্রাণবন্ত সংগঠন। তবে কার্যক্রম বিস্তৃত হলেও ক্লাবটির নিজস্ব কোনো অফিস কক্ষ নেই। এতে সদস্যরা কাঙ্ক্ষিত পরিসরে কাজ করতে পারছেন না এবং অনেক শিক্ষার্থী সংগঠনের কার্যক্রম সম্পর্কে জানতে পারছে না। সংশ্লিষ্টরা মনে করছেন, একটি নির্দিষ্ট অফিস কক্ষ নিশ্চিত করা গেলে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে।
লেখিকা: শিক্ষার্থী




