সরকারের ঘোষিত পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে চার বছরে সাড়ে চার হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) কর্তৃপক্ষ। এই উদ্যোগের অধীনে এ বছর এক হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের একপাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৬ মে) বিকালে এই কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
উদ্বোধনের সময় উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, সরকারের উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে আমাদের এই কার্যক্রম। বর্তমান বিশ্বে 'ক্লাইমেট চেঞ্জ' এর কারণে যেভাবে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, এই ভয়াবহ সময়ে আমরা ক্লাইমেট চেঞ্জ ও উষ্ণতা বৃদ্ধি প্রতিরোধেই এই কার্যক্রম পরিচালনা করছি। আর বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধন বিষয়ক একটি কমিটি আছে। আমরা তাদের সেই কমিটির সাথে সমন্বয় করেই কাজ করছি।
উন্নয়ন, পরিকল্পনা ও ওয়ার্ক্স দপ্তরের পরিচালক হাফিজুর রহমান বলেন, আমাদের সরকার পাঁচ বছরের মধ্যে পঁচিশ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যেই আমরা বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি। আমরা এ বছর এক হাজার বৃক্ষরোপণ করবো এবং ধাপে ধাপে আগামী চার বছরের মধ্যে আমরা সাড়ে চার হাজার বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করবো।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের কলা ভবন সংলগ্ন অংশের একপাশে এবং বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থানে সোনালু, কৃষ্ণচূড়াসহ বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়।
মো. তাসনিম হক রাফি/এসএন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি