রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নতুন ভিসি হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কেমিস্ট্রির অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।
বৃহস্পতিবার (১৪ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো.শাহ আলম সিরাজ স্বাক্ষর করেন। 'জনস্বার্থে এ আদেশ জারি করা হলো' বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
জারি করা প্রজ্ঞাপনে ৫টি শর্তের বিষয় উল্লেখ করা হয়েছে। এগুলো হলো-ভাইস-চ্যান্সেলর হিসেবে অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকীর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের এর মধ্যে যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত হবে; নিয়োগ পাওয়া পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন; এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
এরআগে রাবিপ্রবির ভিসি হিসেবে ২০২৫ সালের ৯ জানুয়ারিতে নিয়োগ পান চবির ডিপার্টমেন্ট অব বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. আতিয়ার রহমান।
তবে বিশ্ববিদ্যালয়ে নিয়োগসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে গেল ৫ মে থেকে ভিসি অধ্যাপক ড. আতিয়ার রহমানের অপসারণের আল্টিমেটাম দিয়ে ভিসি কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছিলো শাখা ছাত্রদল। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় ছাত্র সংগঠনটি। চলমান এই কর্মসূচির মধ্যেই ৯ দিনের মাথায় অধ্যাপক ড. আতিয়ার রহমানকে প্রত্যাহার করা হয়েছে। এরমধ্যে দিয়ে ভিসি পদে নিয়োগের ৪৯০ দিনের মাথায় অপসারণ হলেন এই অধ্যাপক।
জিয়াউর রহমান জুয়েল/এসএন




