জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির ঘটনা ও হেনস্তায় প্রক্টরের পদত্যাগসহ নিরাপত্তা জোরদার ও জবাবদিহিতার দাবিতে মধ্যরাত থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়া শিক্ষার্থীর নাম লামিসা জামান। তিনি ইতিহাস বিভাগের ৫৩ তম আবর্তনের শিক্ষার্থী। রবিবার (১৭মে) রাত ১টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে এখনো প্রশাসনের কোনো প্রতিনিধি আসেননি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের নিরাপত্তা শাখার সামনে অবস্থান নিয়ে লামিসা জানান নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ঘটনার সুষ্ঠু জবাবদিহিতা, এর দায় স্বীকার করে নিয়ে প্রক্টর ও প্রক্টরিয়াল টিমের পদত্যাগ দাবি করছেন তিনি।
অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ইতমধ্যে মামলা করেছেন বিশ্ববিদ্যালয়কর্তৃপক্ষ। রবিবার রাতে আশুলিয়া থানা পুলিশ অভিযুক্তকে আটক করে নিয়ে গেছে।
লামিসা জামান জানান, প্রক্টরের পদত্যাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। ভাইস চ্যান্সেলরকে (ভিসি) নিজে এসে প্রক্টরের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, এই অবস্থান কর্মসূচি একান্তই ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত। এটি অন্য কোনো সংগঠন, আন্দোলন বা কর্মসূচির সঙ্গে সম্পর্কিত নয়।
আরও পড়ুন>>
>> জাবিতে উপাচার্যকে ‘ফ্যাসিস্ট’ বলায় তীব্র প্রতিবাদ ও মানববন্ধন
>> জাবিতে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন
>> ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল জাবি, প্রক্টরিয়াল বডিকে অবাঞ্ছিত ঘোষণা
>> জাবিতে প্রক্টরিয়াল বডিকে অবাঞ্ছিত ঘোষণা, তালা দিলেন শিক্ষার্থীরা
আমানউল্লাহ খান/আমান




