জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের মধ্যে উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন তার নিজ বিভাগের (দর্শন বিভাগ) শিক্ষার্থীরা।
শনিবার (১৬মে) আন্দোলনকারীদের একজন উপাচার্যকে ‘ফ্যাসিস্ট’ বলায় আজ সোমবার সকাল সাড়ে এগারোটায় দর্শন বিভাগের শিক্ষার্থীরা বিভাগের সামনে থেকে সংক্ষিপ্ত মিছিল বের করে কেন্দ্রীয় শহিদ মিনারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সম্মুখসারির একজন শিক্ষককে ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যায়িত করা চরম ন্যক্কারজনক ও অগ্রহণযোগ্য।
বক্তারা উপাচার্য ড. কামরুল আহসানের দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী অবদানের কথা তুলে ধরে বলেন, এ ধরনের মন্তব্য তার ব্যক্তিগত সম্মানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশার মর্যাদাকেও ক্ষুণ্ণ করেছে।
দর্শন বিভাগের এক শিক্ষার্থী আকাশ বলেন, যিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন, তাকেই ফ্যাসিস্ট বলা সম্পূর্ণ অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
শিক্ষার্থী শিহাবুর রহমান বলেন, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের নামে একজন সম্মানিত শিক্ষকের চরিত্রহনন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।
অবিলম্বে মন্তব্যকারীদের কাছ থেকে উপাচার্যের নিকট আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার দাবি জানান তারা।
আরও পড়ুন
>> জাবিতে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন
>> ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল জাবি, প্রক্টরিয়াল বডিকে অবাঞ্ছিত ঘোষণা
>> জাবিতে প্রক্টরিয়াল বডিকে অবাঞ্ছিত ঘোষণা, তালা দিলেন শিক্ষার্থীরা
আমানউল্লাহ খান/আমান