দেশের ক্রমবর্ধমান ফ্রিল্যান্সারদের জন্য দ্রুত, সহজ এবং ঝামেলামুক্ত ব্যাংকিং সেবা নিশ্চিত করতে প্রাইম ব্যাংক পিএলসি. এবং বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএফডিএস)-এর মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি ঢাকার গুলশানে প্রাইম ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর হয়। প্রাইম ব্যাংকের পক্ষে চুক্তিতে সই করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম নাজিম এ চৌধুরী এবং বিডিএফডিএস-এর পক্ষে সই করেন সংগঠনের চেয়ারম্যান ড. তানজিবা রহমান।
অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ মাসুদুল গনি এবং বিডিএফডিএস-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন জয়।
এই অংশীদারিত্বের মূল লক্ষ্য হলো ফ্রিল্যান্সারদের জন্য একটি বিশেষায়িত ব্যাংকিং সল্যুশন গড়ে তোলা, যার মাধ্যমে তারা লাভজনক, ঝামেলামুক্ত ও সময় সাশ্রয়ী আর্থিক সেবা উপভোগ করতে পারবেন।
এই উদ্যোগের অংশ হিসেবে প্রাইম ব্যাংক ‘প্রাইম ফ্রিল্যান্সার ইআরকিউ অ্যাকাউন্ট’ চালু করবে, যেখানে ফ্রিল্যান্সাররা পাবেন: প্রথম বছর সম্পূর্ণ ফ্রি ইউএসডি আন্তর্জাতিক ডেবিট কার্ড, অ্যাকাউন্ট পরিচালনার জন্য কোনো মেইনটেনেন্স ফি থাকবে না, বিনামূল্যে ইন্টারনেট ব্যাংকিং, আকর্ষণীয় সুদহার, প্রথম চেকবই ও ডেবিট কার্ড বিনামূল্যে এবং জীবন বীমা কভারেজের সুবিধা।
ফ্রিল্যান্সারদের আরও সহজতর সেবা নিশ্চিত করতে প্রাইম ব্যাংক বিডিএফডিএস-এর সদস্যদের জন্য কিছু নির্ধারিত শাখায় (যেমন: আইবিবি দিলকুশা, মিরপুর-১, উত্তরা, রাজশাহী, আইবিবি ওআর নিজাম রোড, আগ্রাবাদ ও সিলেট ব্রাঞ্চ) বিশেষ সার্ভিস ডেস্ক স্থাপন করবে। এর মাধ্যমে সদস্যরা অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সেবা গ্রহণ করতে পারবেন।
এ ছাড়াও বিডিএফডিএস সদস্যদের জন্য প্রাইম ব্যাংকের কন্টাক্ট সেন্টারে একটি নির্ধারিত আইভিআর লাইন চালু করা হয়েছে, যা ব্যাংকিং সংক্রান্ত যেকোনো তথ্য বা সমস্যার দ্রুত সমাধানে সহায়তা করবে।
এই চুক্তিকে দেশের ফ্রিল্যান্সিং খাতের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা ডিজিটাল অর্থনীতির উন্নয়ন ও প্রান্তিক পর্যায়ের দক্ষ জনশক্তিকে আরও উৎসাহিত করবে।
বিজ্ঞপ্তি/তাওফিক/