টাঙ্গাইলে সরকারি অনুদানপ্রাপ্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা সদরের সবাই ফ্রিতে দেখতে পারছেন।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) করোনেশন ড্রামাটিক ক্লাবে অস্থায়ীভাবে নির্মিত রাজ্য সিনেপ্লেক্সে সকাল ১০টার শো এর উদ্বোধন করে সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন। তিনিই সদরের সবাইকে এই সিনেমা ফ্রিতে দেখার ব্যবস্থা করেছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে যারা না জানে তারা এই সিনেমা দেখে জানতে পারবে। এই সিনেমা দেখে যেন বঙ্গবন্ধুর সম্পর্কে সবাই অবগত হতে পারে, সে জন্য সবার দেখার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে এই সিনেমার প্রদর্শনী করার ব্যবস্থা করা হবে।
এ সময় টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল ইসলাম আলমগীর বলেন, এমন সুন্দর উদ্যোগ নেওয়ায় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই। এ সিনেমা দেখে সবাই বঙ্গবন্ধুর জীবনী জানতে পারবে। বঙ্গবন্ধুর জীবনী জানলে সবাই বুঝতে পারবে স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবদানের কথা।
হোসনে আরা বেগম নামে এক দর্শনার্থী বলেন, বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে অনেক কিছু অজানা। এই সিনেমা দেখে এখন কিছু জানতে পারলাম। বঙ্গবন্ধুর ত্যাগ, মুক্তিযুদ্ধের সময় তার বলিষ্ঠ নেতৃত্বসহ অনেক অবদান রয়েছে।
শহিদুল ইসলাম নামে আরেকজন বলেন, মুজিব একটি চেতনা। এই সিনেমা দেখে সত্যি গর্বিত মনে করছি মুজিব এই দেশের জন্য কী করেছেন। বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বের জন্য এ দেশ স্বাধীন হয়েছে।
সিনেপ্লেক্সের মালিক রাজ্য বলেন, বঙ্গবন্ধুর জীবনীর ওপর নির্মিত এই সিনেমা ঢাকা থেকে এনেছি খুব কষ্টে। কারণ টাঙ্গাইলে কোনো সিনেমা হল নেই। একসময় টাঙ্গাইলে ৫টি সিনেমা হল ছিল, বর্তমানে একটিও নেই। তাই অস্থায়ীভাবে এই ক্লাবে সিনেপ্লেক্সে বানিয়ে সিনেমাগুলো চালাচ্ছি। সরকারের কাছে অনুরোধ যাতে করে টাঙ্গাইলে একটি সুন্দর এসি বিশিষ্ট একটি সিনেপ্লেক্সে করার ব্যবস্থা করে দেওয়া হয়।