ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী মা ও সন্তানের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে সদর দক্ষিণ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ছাড়াও দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আসাবপুর এলাকার বাসিন্দা মো. ইয়াসিন।
নিহতরা হলেন, ইয়াসিনের স্ত্রী মরিয়ম আক্তার মিতু (২২) ও তার ১৫ মাস বয়সী সন্তান আলভী।
বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণ থানার উপ-পরিদর্শক মো. মাহমুদ হাসান খবরের কাগজকে বলেন, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ এলাকায় একটি মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দেয় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান। এ সময় মোটরসাইকেলে থাকা মা ও শিশু ঘটনাস্থলেই নিহত হন। আহত হন মোটরসাইকেল চালক ইয়াসিন।
হতাহতরা সদর দক্ষিণ উপজেলার রতনপুর এলাকার ইয়াসিনের বোনের বাড়ি থেকে শ্বশুরবাড়ি ভাগলপুরের দিকে যাচ্ছিলেন।
তিনি আরও বলেন, ‘দুইজনের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে মোটরসাইকেলকে চাপা দেওয়া কাভার্ডভ্যানটিকে জব্দ করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
জহির শান্ত/ইসরাত চৈতী/অমিয়/