এলাকাবাসীর সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সাফ নারী ফুটবল চাম্পিয়ন-২০২৪ দলের খেলোয়াড় আইরিন খাতুন।
আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের তথা এলাকার সুনাম অর্জন করায় এলাকাবাসী এ অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল বুধবার বিকেলে জেলার মহাদেবপুর উপজেলার মহিষবাথান উচ্চবিদ্যালয় মাঠে আইরিন খাতুনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
খেলা শেষে আইরিন খাতুনকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনসহ এলাকাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া স্থানীয় সমাজসেবক ও ক্রীড়া সংগঠক পারভেজ আরেফিন সিদ্দিকী জনির পক্ষ থেকে সংবর্ধনা ক্রেস্ট ও হাতুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ৩০ হাজার টাকার প্রাইজ মানি দেওয়া হয়। এ সময় আইরিনের মা ও বাবাকেও শুভেচ্ছা জানানো হয়। আইরিন খাতুন উপজেলার হাতুর ইউনিয়নের সাগরইল গ্রামের বাসিন্দা আব্দুল আলীম ও ফিরোজা বেগম দম্পতির মেয়ে।
এ সময় উপস্থিত ছিলেন হাতুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক এবং ক্রীড়া সংগঠক আমিনুল ইসলামসহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে নারী ফুটবলার আইরিন খাতুন বলেন, ‘নিজ এলাকায় আমি একটি নারী ফুটবল দল গঠন করতে চাই।’
এর আগে, গত ৩০ অক্টোবর নেপালকে তাদের মাটিতে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট জেতে বাংলাদেশ। এরপর ৩১ অক্টোবর দেশে ফেরেন সাফজয়ীরা। ছাদখোলা বাসে তাদের বিমানবন্দর থেকে আনা হয় বাফুফে ভবনে। সেখানে ফুটবলারদের ফুল দিয়ে বরণ করে নেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সেই সঙ্গে পুরস্কার হিসেবে সাফজয়ীদের হাতে এক কোটি টাকা পুরস্কার তুলে দেওয়া হয়।