শেরপুরের নালিতাবাড়ীতে দুটি ট্রাক থেকে ৭২১ পিস কম্বল এবং ৩০৫ বস্তা জিরা জব্দ করেছে সেনাবাহিনী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮৪ লাখ টাকা।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে শেরপুর সেনা ক্যাম্প সাংবাদিকদের এ তথ্য জানায়।
এর আগে ভোরে উপজেলার সীমান্তবর্তী কাকরকান্দি এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা এসব পণ্য জব্দ করা হয়।
সেনা ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে, বুধবার গভীর রাতে সেনাবাহিনীর ১৩ বীরের শেরপুর ক্যাম্পের ক্যাপ্টেন মো. নাহিয়ানের নেতৃত্বে ক্যাপ্টেন রাফিউল, ল্যাফটেন্যান্ট সানজিদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফরাসসহ সেনাবাহিনীর ৪০ সদস্যের একটি টিম নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানে একটি কলাবাগানে ভারত থেকে অবৈধভাবে আনা ৪৫ বস্তা কম্বল এবং পরে স্থানীয় মো. রুহুল আমিনের গোয়ালঘর থেকে আরও ১০০ বস্তা কম্বলসহ মোট ৭২১ পিস কম্বল উদ্ধার করা হয়। পরে সেখানে আরও তল্লাসী করে অবৈধভাবে আমদানি করা ৩০৫ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধার করা কম্বলের বাজারমূল্য প্রায় ২৯ লাখ টাকা এবং জিরার মূল্য প্রায় ৫৫ লাখ টাকা।
এ ছাড়া এসব অবৈধ পণ্য পরিবহনের দায়ে একটি ট্রাক জব্দ করা হয় যার মূল্য প্রায় ৩৬ লাখ টাকা।
তবে অভিযানের সময় বাড়ির মালিক ও এসব পণ্য চোরাকারবারীর সঙ্গে জড়িত রুহুল আমিন আগেই পালিয়ে যায়। রুহুল আমিন এর আগেও ভারতীয় চিনি চোরাকারবারীর অভিযোগে পুলিশের কাছে গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন।
সেনাবাহিনীর ক্যাপ্টেন নাহিয়ান বলেন, উদ্ধার করা মালামাল তালিকা করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, জব্দ করা মালামালের তালিকা প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শাকিল/পপি/