চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) ইউনিটি এক্সেসরিজ নামের কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে ইপিজেড বেপজা গেটের সামনে ১ নম্বর রোডে পাঁচতলা ভবনের চতুর্থতলায় একটি কার্টন ফ্যাক্টরিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রাত ৮টা ২০ মিনিটে এই প্রতিবেদন লেখার সময় আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক খবরের কাগজকে জানান, চারটি ফায়ার স্টেশনের ৮টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। কোনো হতাহতের খবর নেই।
প্রত্যক্ষদর্শীরা জানান, যখন কারখানায় আগুন লাগে পাঁচতলা ভবনের চতুর্থতলায় কার্টন ফ্যাক্টরিটি তখনো খোলা ছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গে কর্মীরা সবাই নিরাপদে বের হয়ে যান। তবে হুড়িহুড়িতে কয়েকজন সামান্য আহত হয়েছেন। ওই ভবনে থাকা অন্যান্য কারখানা ও অফিসের লোকজনও নিরাপদে বের হতে পেরেছেন বলে তিনি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন বলে খবরের কাগজকে জানান।
সিইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার শাহাদাত হোসেন জানান, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে কার্টন কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে কোনো হতাহতের খবর তিনি পাননি বলে জানান।
ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান খবরের কাগজকে জানান, ফায়ার সার্ভিস স্টেশন কাছে থাকায় তারা দ্রুত আসতে পেরেছেন। তাই আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। তবে তদন্ত ছাড়া সুনির্দিষ্টভাবে আগুন লাগার কারণ বলা যাবে না।