যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার (১৬ ডিসেম্বর) সারা দেশে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, মুন্সীগঞ্জ, যশোর, চাঁদপুর, জয়পুরহাট, মাগুরা, জামালপুর, নেত্রকোনা, নরসিংদী, বাগেরহাট, নড়াইল, বরিশাল, খুলনা, মৌলভীবাজার, টাঙ্গাইল, সাতক্ষীরা, রাঙামাটি, ঢাকার ধামরাই, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-
চট্টগ্রাম: বন্দর নগর চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হয়েছে মহান বিজয় দিবস। সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, মহানগর পুলিশ কমিশনার এবং মুক্তিযোদ্ধা সংসদ।
রাজশাহী: রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজশাহীর সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা পুলিশ লাইনসে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। এরপর রাজশাহী কোর্ট শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান, মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ও জেলা প্রশাসক আফিয়া আখতার।
সিলেট: দিবসটি উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সকাল থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে সিলেট নগরীর কেন্দ্রীয় শহিদ মিনারে। এরপর শহিদ মিনারে প্রথমে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট ও মহানগর ইউনিট। পরে একে একে সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেট সিটি করপোরেশন, সিলেট রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশের কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, এসপি আরআরএফ কমান্ডেন্ট এবং এসপি এপিবিএন।
রংপুর: রংপুরে উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর রংপুর কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
মুন্সীগঞ্জ: মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে সকালে কেন্দ্রীয় শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় একে একে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মুন্সীগঞ্জ প্রেসক্লাব, সরকারি হরগঙ্গা কলেজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সেচ্ছাসেবী সংগঠন।
যশোর: মহান বিজয় দিবসে ফুলে ফুলে ভরে গেছে যশোরের বিজয়স্তম্ভ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সূর্যোদয়ের পরই বিজয়স্তম্ভে যান সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
চাঁদপুর: চাঁদপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহিদদের শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ।
জয়পুরহাট: নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জয়পুরহাটে পালিত হয়েছে মহান বিজয় দিবস। শহরের শহিদ ডা. আবুল কাশেম ময়দানে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।
মাগুরা: যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মাগুরায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সকাল ৮টায় স্থানীয় নোমানী ময়দানে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, পুলিশ সুপার মিনা মাহমুদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি ও সহযোগী সংগঠন, বাংলাদেশ কংগ্রেস, গণঅধিকার পরিষদ ও সরকারি-বেসরকারি দপ্তর।
জামালপুর: দিবসটি উপলক্ষে জামালপুর সদরের দয়াময়ী এলাকায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের নেতৃত্বে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. ফজলুল হক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহানসহ আরও অনেকে শহিদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
নেত্রকোনা: নানা আয়োজনে নেত্রকোনায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সকালে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। দিবসটি উপলক্ষে শহিদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও বিজয় মেলার উদ্বোধন করা হয়।
নরসিংদী: নরসিংদীতে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে মহান বিজয় দিবস। সকাল ৮টায় নরসিংদী আদালত সংলগ্ন খেলার মাঠে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
বাগেরহাট: বাগেরহাটে দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। এরপর সকাল সাড়ে ৬টায় শহরের দশানী মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসানসহ কর্মকর্তারা।
এ ছাড়া বরিশাল, খুলনা, নড়াইল, মৌলভীবাজার, টাঙ্গাইল, সাতক্ষীরা, রাঙামাটি, ঢাকার ধামরাই ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।