গাইবান্ধার দুই উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষার ৫টি কেন্দ্রে নকল ও মোবাইলফোন সঙ্গে রাখার অপরাধে শিক্ষকসহ ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এসময় জব্দ করা হয়েছে ৩টি মোবাইল ফোন। এছাড়া নকলে সহযোগিতা করার দায়ে এক শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালীন তাদের বহিষ্কার করা হয়। গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র থেকে পাঁচজন, কামদিয়া দারুল উলুম সিদ্দিকীয়া আলীম মাদ্রসার কেন্দ্র থেকে একজন শিক্ষার্থী ও একজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। এছাড়া সাঘাটা উপজেলার সাঘাটা পাইলট বালক উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। তিনি বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে মাদ্রাসার দু’টি কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা কক্ষ পরিদর্শনের সময় ৬ শিক্ষার্থীকে বহিষ্কার করে। এছাড়া নকলে সহযোগিতা করায় এক শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রফিক খন্দকার/মাহফুজ