বাবার মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি পরিবার। এর মধ্যেই আরেক দুঃসংবাদ-এবার সড়কে প্রাণ গেল ছেলের। ঈদের ছুটি শেষে পরিবারকে ঢাকায় ফিরিয়ে নেওয়ার পথে ঢাকাগামী যাত্রীবাহী বাসচাপায় মর্মান্তিকভাবে মারা গেছেন মো. মুরাদ (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী।
শনিবার (১৪ জুন) দুপুর ১২টার দিকে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বরদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুরাদ লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার মধুপুর গ্রামের বাসিন্দা এবং সদ্যপ্রয়াত মো. শাহজাহানের ছেলে। পেশায় তিনি ছিলেন ঢাকার উচ্চ আদালতের একজন কর্মচারী। স্ত্রী ও দুই সন্তান নিয়ে ঢাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে মুরাদের স্ত্রী ও সন্তানরা গ্রামের বাড়িতে চলে আসেন। মুরাদ তখন ঢাকায় ছিলেন। ছুটি শেষে শনিবার সকালে মোটরসাইকেল চালিয়ে স্ত্রী-সন্তানদের নিতে গ্রামের বাড়ির পথে রওনা দেন তিনি। বরদিয়া এলাকায় পৌঁছালে চাঁদপুর থেকে ঢাকাগামী ‘জৈনপুর এক্সপ্রেস’ নামের একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই বাসচাপায় মুরাদ গুরুতর আহত হন। তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই মোবারক হোসেন জানান, মাত্র এক সপ্তাহ আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মুরাদের বাবা মারা যান। এখন ছেলেটাও চলে গেল। এমন দুর্ঘটনা স্বপ্নেও ভাবিনি। পুরো পরিবার বাকরুদ্ধ। স্ত্রী-সন্তানদের আর ঢাকায় নেওয়া হলো না তার, বরং দুঃসংবাদের ভার বইতে হচ্ছে।
মুরাদের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে এখনও থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
ফয়েজ আহমেদ/