চট্টগ্রাম নগরীতে এইচএসসি (উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট) পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করতে কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষিদ্ধসহ বেশকিছু নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
মঙ্গলবার (২৪ জুন) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিএমপি জানায়, পরীক্ষার দিন সকাল ৯টা থেকে পরীক্ষা শেষে পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত কেন্দ্রের ২০০ গজের মধ্যে অস্ত্রশস্ত্র, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর প্রভৃতি বহন ও ব্যবহার, মিছিল, সভা-সমাবেশ, হইচই, গান-বাজনা, মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্য কোনো শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার এবং বহিরাগত ও অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হলো। তবে পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ও নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তি ও সরকারি দায়িত্ব পালনরত কর্মকর্তা-কর্মচারী এ নিষেধাজ্ঞার বহির্ভূত থাকবে।
সিএমপির কমিশনার হাসিব আজিজ বলেন, ‘আগামী ২৬ জুন থেকে নগরীর ৩৪টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলোতে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা ও আইনশৃঙ্খলা রক্ষা করা আবশ্যক। তাই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ২৯, ৩০ ও ৩৩ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষিদ্ধসহ বেশকিছু নির্দেশনা জারি করা হয়েছে। কেউ নির্দেশনা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’