মাগুরা জেলা পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের নিজস্ব তহবিলের আওতায় জেলার ১৫৬ জন দুস্থ ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকার চেক এবং দুটি করে ফলদ ও ঔষধি গাছ উপহার দেওয়া হয়।
বৃত্তিপ্রাপ্তদের মধ্যে এসএসসি পর্যায়ের শিক্ষার্থী ১২২ জন এবং এইচএসসি পর্যায়ের শিক্ষার্থী রয়েছেন ৩৪ জন।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক হাসিনা মমতাজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজভী জামান। এ ছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাগুরা জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার সেলিম ও সদস্যসচিব মো. হুসাইন।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'শিক্ষা মানুষকে আলোকিত করে, আর এ আলোকিত মানুষই আগামী দিনের সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে। তারা শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে থেকে সততা ও মননশীলতায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান।'
আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিল মাগুরা জেলা পরিষদ।
শ্রাবণ/রিফাত/