ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে রাজশাহীতে দাফন করা হবে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর আড়াইটার দিকে বিমানবাহিনীর ব্যবস্থাপনায় মরদেহ রাজশাহীতে নেওয়া হবে বলে জানিয়েছেন তৌকিরের নানা আজিজুর রহমান।
তিনি জানান, বিকেলে নগরীর জেলা মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা শেষে সপুরা কবরস্থানে তাকে দাফন করা হবে। এ লক্ষ্যে কবর প্রস্তুত করা হচ্ছে।
তৌকির ইসলামের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকায় হলেও তিনি দীর্ঘদিন রাজশাহী শহরের উপশহরে পরিবারসহ বসবাস করতেন। তার অকালমৃত্যুর খবরে রাজশাহী শহরে নেমে এসেছে শোকের ছায়া। সকাল থেকেই উপশহরের ভাড়ায় থাকা বাসায় স্বজন, বন্ধু ও পরিচিতজনেরা ভিড় করছেন। সবাই তার রুহের মাগফিরাত কামনা করছেন।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানাজা ও দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলো তৌকির ইসলামের আত্মার শান্তি কামনায় দোয়ার আয়োজন করছে।
এর আগে সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর ১টা ১৮ মিনিটে বিধ্বস্ত হয় বিমানবাহিনীর এফ-৭ বিজিআই যুদ্ধবিমানটি। আছড়ে পড়ে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরই ঘটে বিস্ফোরণ, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে স্কুলের কয়েকটা কক্ষে। হতাহত হয় শিক্ষার্থী-শিক্ষকসহ ওই ভবনের অনেকে। নিহত হন বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামও।
এনায়েত/পপি/