শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, একটি সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগর গঠনে নাগরিকদের সচেতনতার পাশাপাশি বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
রবিবার (২৭ জুলাই) ক্লিন ও গ্রিন চট্টগ্রাম গড়ার লক্ষ্যে ক্লিন বাংলাদেশের উদ্যোগে এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতায় রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
মেয়র বলেন, ‘আমরা গাছ থেকে অক্সিজেন পাই। স্রষ্টা গাছের সঙ্গে আমাদের এক চমৎকার সম্পর্ক গড়ে দিয়েছেন। তাই শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, একটি সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগর গঠনে নাগরিকদের সচেতনতা ও বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষার প্রতি দায়িত্বশীল করে তুলবে।’
কর্মসূচিতে সভাপতিত্ব করেন ক্লিন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি শওকত হোসেন জনি।
তিনি বলেন, “প্রতিটি মানুষের মধ্যে পরিবেশের প্রতি ভালোবাসা গড়ে তুলতে হবে। আজকের এই কর্মসূচি আমাদের স্বপ্নের ‘ক্লিন ও গ্রিন চট্টগ্রাম’ বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই উদ্যোগ নগরবাসীর মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে এবং একটি সবুজ ও পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার পথে নতুন অনুপ্রেরণা জোগাবে।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয় এবং বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চসিকের শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তৈয়ব, চসিকের বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন জয়।
সালমান/