সিরাজগঞ্জের সবজি ব্যবসায়ী নাজমুল ইসলাম হত্যা মামলায় আট বছর পর পলাতক মো. মিলন সরকার (৪২) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব)।
শনিবার (৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪, সিপিসি-৩ ও র্যাব-২, সিপিসি-১ এর একটি যৌথদল রাজধানীর গ্রিনরোডের কাঞ্চন টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে মিলনকে গ্রেপ্তার করে।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-৩ এর সহকারী পরিচালক হালিউজ্জামান।
মিলন গাইবান্ধা জেলার সাঘাটা থানার রামনগর (হাটবাড়ী) গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, ভিকটিম নাজমুল ইসলাম সিরাজগঞ্জের সলঙ্গা থানার বাসিন্দা ও পেশায় সবজি ব্যবসায়ী ছিল। ২০১৭ সালের ১০ আগস্ট নওগাঁর চকগৌরী হাট থেকে সবজি কিনে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে রওনা দেন তিনি। পরদিন রাতে গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে অপহৃত হন এবং ৫০ হাজার টাকা মুক্তিপণ না দেওয়ায় অপহরণকারীরা তাকে হত্যা করে। ১২ আগস্ট সকালে সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন রূপসি বাংলা হোটেলের পাশে একটি বটগাছের নিচে তার মরদেহ পাওয়া যায়।
ঘটনার পর নাজমুল ইসলামের বাবা বাদি হয়ে সলঙ্গা থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
চলতি বছরের ২০ মে আদালত মামলার সাক্ষ্য প্রমাণ এবং যুক্তিতর্ক শেষে উপরোক্ত আসামিসহ আরও পাঁচজন আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে রায় প্রদান করেন।
র্যাব কর্মকর্তা হালিউজ্জামান বলেন, ‘ঘটনার পর থেকেই পলাতক ছিলেন মিলন সরকার। দীর্ঘদিন ছদ্মবেশে ঢাকায় আত্মগোপন করে ছিলেন তিনি। অবশেষে আমাদের গোয়েন্দা তৎপরতায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাকে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।’
আসাদ/রিফাত/