উজানের ঢলে পদ্মায় তীব্র ঘুর্ণিস্রোতে ভাঙন দেখা দিয়েছে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজার ও সংলগ্ন নদীর তীরে। মঙ্গলবার (১২ আগস্ট) রাত থেকে ভাঙন শুরু হলে নদীগর্ভে বিলীন হয়েছে শতবর্ষী বাজারটির ২টি দোকান, ভূমি ক্ষয় হয়েছে আরও অন্তত ৪টি প্রতিষ্ঠানের। আতংক ছড়িয়েছে বাজারের শতশত প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের মধ্যে।
স্থানীয় ও ব্যবসায়ীরা জানান, গত কয়েকদিন ধরেই নদীতে তীব্র স্রোত দেখা দিয়েছে। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে হঠাৎ নদী তীরে ফেলা জিও ব্যাগ সরে গিয়ে ভাঙন শুরু হয় দিঘীরপাড় বাজার এলাকায়। আধাঘন্টার মধ্যেই বাজারের আলমাস বেপারীর পাটের গোডাউন, দোকানদার উজ্জ্বলের দোকান নদীর গ্রাসের বিলীন হয়ে যায়। এ ছাড়াও আলমগীর এরশাদ খাসহ কয়েকজনের দোকানের মাটি ইতোমধ্যে বিলীন হয়েছে। যেকোন সময় এসব দোকান ধসে পড়তে পারে। দিঘীরপাড় বাজারে একের পর এক দোকান ভাঙন আতংক দেখা দিলে মালপত্রসহ টিনকাঠের দোকানের অবকাঠামো সরিয়ে নেওয়া শুরু করে দোকানদাররা।
স্থায়ী বাঁধ নির্মাণের বছরের পর বছর আশার বাণী শুনলেও বারবার ভাঙনের কবলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ব্যবসায়ীরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, 'পানি বেড়ে যাওয়ার কারণেই মূল ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা হয়েছে। সকালের মধ্যেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।'