পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে এক কলেজছাত্রী (১৯) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
বর্তমানে ভুক্তভোগী শিক্ষার্থী পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী কলেজছাত্রী গণমাধ্যমকে জানান, মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে তিনি তার পালিত মায়ের বাড়িতে ফেরার জন্য রাস্তার পাশে ইজিবাইকের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি ইজিবাইকে ওঠার পর চারজন অজ্ঞাত যুবক তার মুখ চেপে ইজিবাইকে করে উপজেলার চিথলিয়া গ্রামের নির্জন একটি বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। পরে আশ্রয়ের প্রলোভন দেখিয়ে ইজিবাইক চালকও তাকে ধর্ষণ করেন। এর পর বুধবার (২৭ আগস্ট) দুপুরে শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোর্শেদ কামাল পুলিশের সহায়তায় তাকে জেলা হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী শিক্ষার্থী আরও জানান, তার বাবা-মা কেউ জীবিত নেই। ছোটবেলা থেকেই তিনি শংকরপাশা গ্রামে পালিতা মায়ের সঙ্গে থাকতেন। সম্প্রতি তিনি ঢাকা থেকে শংকরপাশায় এসেছেন।
পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। অপর অভিযুক্তদের ধরতে বর্তমান আটক ব্যক্তির নাম জানানো সম্ভব হচ্ছে না। এ ঘটনায় একটি মামলার প্রক্রিয়া চলমান। মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
হাসান /মেহেদী/