কেমিক্যাল মিশিয়ে কাচ্চি, বিরিয়ানি তৈরি করছে ‘কাচ্চি ডাইন’। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের অভিযানে ধরা পড়েছে ওই প্রতিষ্ঠানের এ কারসাজি। মানুষের সুস্বাস্থ্যের তোয়াক্কা না করে খাবার অতি সুস্বাদু ও মুখরোচক করতে কাচ্চি ডাইন ব্যবহার করছে মানুষের জন্য ক্ষতিকারক নানা রসায়নিক। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের অভিযানে ধরা পড়েছে নানা অনিয়ম।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে খাবারে প্রাকৃতিক মসলার ব্যবহারের পরিবর্তে অননুমোদিত কেমিক্যাল কেওড়া জল মেশানোর অভিযোগে ‘কাচ্চি ডাইন’ চট্টগ্রামের জিইজি শাখাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
তিনটি খাবার প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে বলে জানিয়েছেন ভোক্তাধিকার চট্টগ্রামের উপপরিচালক ফয়েজ উল্লাহ। তিনি বলেন, কাচ্চি ডাইনের মতো প্রতিষ্ঠান নানা রসায়নিক মিশিয়ে খাবার তৈরি করছে। তাই মানুষের কাছে কাচ্চি ডাইনের কাচ্চি ও বিরিয়ানি অনেক মজাদার ও সুস্বাদু লাগে। এমন প্রতিষ্ঠানের এ ধরনের অনিয়ম মেনে নেওয়ার মতো না। তাই কাচ্চি ডাইন চট্টগ্রামের জিইজি শাখাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে ভোক্তাদের অজান্তে সব খাবারে পাম অয়েল তেল ব্যবহার করাই সতর্ক করার পাশাপাশি প্রতিষ্ঠানে নিজস্ব মোড়কে খাবার পরিবেশনে মেয়াদ উল্লেখ না করার অভিযোগে কেএফসি জিইসি শাখাকে ২০ হাজার টাকা এবং এবং ক্যান্ডিকে ৩০ হাজার টাকা জরিমান করা হয়। জরিমানা থেকে বাঁচতে বিভিন্ন যুক্তি দাঁড় করালেও শেষমেষ খাবারে পাম অয়েল তেলের ব্যবহার স্বীকার করে কেএফসি। তবে তা কোম্পানির নিয়ম অনুযায়ী করেন বলে দাবি কেএফসি কর্মকর্তারা।
আবদুস সাত্তার/মাহফুজ