চট্টগ্রামের সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, স্তন ক্যানসার সচেতনতায় এ ধরনের উদ্যোগ ইতোপূর্বে নেওয়া হয়নি। এ ধরনের সচেতনতা শুধুমাত্র নারীদের মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না। পুরুষদেরও পূর্ণমাত্রায় নারীদের পাশে থেকে স্তন ক্যানসার রোধে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সচেতনতা মাস উপলক্ষ্যে মাসব্যাপী চট্টগ্রামে যে বিশাল কর্মকান্ড শুরু হয়েছে সেটা সারা দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
বুধবার (১ অক্টোবর) স্তন ক্যানসার সচেতনতা মাস উদযাপনের উদ্বোধন ও র্যালিশেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মাসব্যাপী এই কর্মসূচিতে চট্টগ্রাম সিটি করপোরেশন ছাড়াও সম্পৃক্ত হয়েছে বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং স্নাতকোত্তর সার্জিকাল শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পিজিএস একাডেমিয়া।
মেয়র শাহাদাত বলেন, সুস্থ নগরী গড়ে তুলতে সুস্থ মানুষের প্রয়োজন। সুস্থ থাকতে হলে সবাইকে স্বাস্থ্য সচেতন হতে হবে। স্তন ক্যানসারের বিরুদ্ধে ভীতি দূর করে সচেতনতা তৈরি করতে হবে। এই রোগের প্রতিরোধ, প্রাথমিক সনাক্তকরণ ও চিকিৎসা নিতে হবে। অক্টোবর মাস বিশ্বব্যাপী স্তন ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালিত হয়, যার উদ্দেশ্য হলো এই রোগের প্রতি মনোযোগ বাড়ানো ও প্রাথমিক সনাক্তকরণে উৎসাহিত করা। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকেও সচেতন হতে হবে। এ ধরনের র্যালি ও কার্যক্রমের মাধ্যমে মানুষ স্তন ক্যানসার
সম্পর্কে জানতে পারেন এবং প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও চিকিৎসার সুযোগ পান, যা জীবন বাঁচাতে সহায়ক।
কর্মসূচি উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে যাত্রা শুরু করে জিইসি মোড় বিএমএ ভবনে শেষ হয়।
শোভাযাত্রায় দৈনিক আজাদীর সম্পাদক এম.এ মালেক, দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জসিম উদ্দিন, উপ-অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, সিএসসিআর এর চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী, পিজিএস একাডেমিয়ার চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার এ কে আজাদ, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিত চৌধুরী, অধ্যাপক ডা. মো. মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক ডা. গোফরানুল হক, অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, অধ্যাপক ডা. এস.এম. তারেক, অধ্যাপক ডা. সৈয়দ আহমদ, ডা. একরামুল হক, অধ্যাপক ডা. সাজ্জাদ মো. ইউসুফ, ডা. সাকেরা আহমেদ, ডা. নাজমা মাহবুব, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক, নার্স, কর্মকতা-কর্মচারী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের সদস্যবৃন্দ, সিএসসিআর এবং পিজিএস একাডেমিয়ার সদস্যবৃন্দ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা অংশগ্রহণ করেন।
সিএসসিআর এর কনফারেন্স রুমে দুপুর দেড়টায় বিনামূল্যে স্তন ক্যানসার স্ক্রিনিং ও কনসালটেশন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিএসসিআর এর চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিএসসিআর এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী।
কর্মসূচির আওতায় অক্টোবর মাসব্যাপী প্রতি শনিবার, সোমবার ও বুধবার বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত বিনামূল্যে স্তন ক্যানসার স্ক্রিনিং ও কনসালটেশন কার্যক্রম চলবে। এই কার্যক্রমে নিবন্ধিত রোগীদের প্রয়োজনীয় পরীক্ষাসমূহের শতকরা ৫০ ভাগ ছাড় দেওয়া হবে।
স্ক্রিনিং কার্যক্রমের প্রথম দিনে (১ অক্টোবর) সর্বমোট ৩৫ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ডা. সায়রা বানু শিউলি’র নেতৃত্বে পাঁচ সদস্যের চিকিৎসক দল এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
ইফতেখারুল /নাঈম