চট্টগ্রামের বাঁশখালীর কাতার প্রবাসী আসিফ মুহাম্মদ সায়েম নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২০ অক্টোবর) রাতে কাতারের বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আসিফ মুহাম্মদ সায়েম বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ১নং ওয়ার্ড দক্ষিণ গন্ডামারা তালুকদার বাড়ির মোহাম্মদ মোজাম্মেল হকের ছেলে।
জানা গেছে, প্রায় চার বছর আগে কাতার যান সায়েম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।
বর্তমানে মরদেহ কাতার পুলিশের হেফাজতে হাসপাতালে রাখা হয়েছে। হত্যাকারীকে সিসিটিভি ফুটেজ দেখে আটকের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।
নিহত সায়েমের বাবা মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, 'আমার ছেলেকে খুন করে ফেলল। সংসার চালানোর একমাত্র ভরসা ছিল আমার ছেলেটি।'
সায়েমের ভাই-বোনরা তাকে হারানোর শোকে ভেঙে পড়েছেন। গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনাটি আমরা জেনেছি। সরকারি ব্যবস্থাপনায় মরদেহ দেশে আনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও দূতাবাসকে জানানো হবে।
শফকত/মৌসুমী/