রাজশাহীর মোহনপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইসমাইল হোসেন (৩০) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোরে কেশরহাট পৌরসভার কালিতলা ময়দা মিলের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন উপজেলার জাহানাবাদ ইউনিয়নের হাজরাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি শতফুল নামে একটি এনজিওতে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে একটি মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলে আগুন ধরে যায় এবং ট্রাকটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করেন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মেহেদী/